এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে প্রশ্ন, জবাব এড়ালেন কিরণ

অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ার
ফুটবল
এখন মাঠে
0

পিটার বাটলারের অসুস্থতায় নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া এরিক মেয়ারের যোগ্যতা নিয়ে উঠেছে প্রশ্ন। সংবাদ সম্মেলনে যা নিয়ে তোপের মুখে পড়েন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ। তিনি উত্তর এড়িয়ে গেলেও দল নিয়ে ভালো করার প্রত্যয় এরিকের কণ্ঠে। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই পরবর্তী সাফের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ বলেন, ‘যখন আমার কাছে টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে তিনটা সিভি এসেছিল, আমি সিভি তিনটা পর্যালোচনা করে আমি বলেছিলাম যে, এটা ন্যাশনাল টিমের জন্য চলে না।’

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। অথচ নারী দলের হেড কোচ নিয়োগের ক্ষেত্রে তার কথাকেই নাকি পাত্তা দেয়নি ফেডারেশন। পিটার বাটলারের অনুপস্থিতিতে দায়িত্ব পাওয়া এরিক মেয়ারের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠলে সরাসরি বাফুফে সভাপতির কোর্টেই বল ঠেলেছেন তিনি।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান কিরণ বলেন, ‘এদের কোনো প্রো লাইসেন্স নাই। এটা ন্যাশনাল টিমের জন্য কোনোভাবেই না, এটা এজ লেভেলে কোনোভাবেই চলতে পারে না। আমি আমার কমেন্টস দিয়েই কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। এখন বিএফএফ থেকে যখন এটাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটার জন্য আমি বলছি, টক টু প্রেসিডেন্ট।’

এদিকে ডিসেম্বরের ফিফা উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। অন্তর্বর্তীকালীন কোচ এরিক মেয়ারের অধীনে আগামী ২৯ নভেম্বর রওনা দেবেন নারী ফুটবলাররা। দল নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন এরিক মেয়ার। স্বল্প সময়ের দায়িত্ব পাওয়ায় খেলার ধরনে বড় পরিবর্তন না আনার আভাসই দিয়েছেন তিনি।

র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে সিঙ্গাপুর। সাম্প্রতিক সময়ে বেশ কিছু বংশোদ্ভূত ফুটবলার স্কোয়াডে অন্তর্ভুক্ত করে শক্তি বৃদ্ধি করেছে দেশটি। ফলে ম্যাচটি সহজ হবে না মনে করলেও সেরাটা দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্দা।

অধিনায়ক মারিয়া মান্দা বলেন, ‘প্লেয়াররা তো আপনার অনেক স্ট্রং থাকে, তো হিসেবে বিদেশি প্লেয়াররা অন্য দেশের প্লেয়াররা মানে ওইখানে ওদের প্লেয়ার প্রবাসী আছে, তো স্ট্রং হবেই। আমরা ধরে নিচ্ছি ওরা অনেক স্ট্রং। তো হিসেবে আমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছি, তাদের সাথে ফাইট করবো।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই পরবর্তী সাফের প্রস্তুতি শুরুর কথা জানিয়েছেন মারিয়া।

জেআর