ঘরোয়া ফুটবলে ফের ম্যাচ পাতানোর সন্দেহ; বাফুফেতে ম্যাচ কমিশনারের প্রতিবেদন

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে গোল হজমের পর চট্টগ্রাম সিটি এফসির গোলরক্ষক ও খেলোয়াড়েরা
ফুটবল
এখন মাঠে
0

মাস না ঘুরতেই চট্টগ্রাম সিটি এফসির সন্দেহজনক ম্যাচ। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে চট্টগ্রামের গোলরক্ষক বাপ্পির সন্দেহজনক পারফরম্যান্স নিয়ে এরইমাঝে বাফুফের কাছে নিজের প্রতিবেদন জমা দিয়েছেন ম্যাচ কমিশনার। এখন টিভিকে যা নিশ্চিত করেছেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান। তবে, দেশের সর্বোচ্চ লিগে ম্যাচ ফিক্সিং বিতর্কের পর আবার প্রশ্ন উঠেছে বাফুফের কার্যকারিতা আর লিগের মান নিয়ে।

পাশাপাশি এই দুই গোলের মাঝে আপনি খুব বড় কোনো পার্থক্য খুঁজে পাবেন না। প্রতিপক্ষের জার্সি আলাদা না হলে হয়তো পার্থক্য খুঁজে পেতেও কষ্ট হতো। তবে ছবি আলাদা, চট্টগ্রাম সিটি এফসির গোল হজমের রীতিটা একই। আর তাতেই মাস না ঘুরতে আবারও ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানোর গন্ধ।

মৌসুমের শুরু থেকেই চট্টগ্রাম সিটি এফসির ম্যাচ নিয়ে ছিল সন্দেহ। দলের প্রথম গোলরক্ষক শান্তর অস্বাভাবিক গোল হজম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনও করেছিল এখন টিভি। সেবার দলের পক্ষ থেকে দেয়া হয়েছিল নানা ব্যাখ্যা। গোলরক্ষক শান্তকে সরিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট, এমন দাবিও করেছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু লম্বা বিরতির পর লিগে খেলতে নেমেই বন্দরনগরীর দলটি আবারও উপহার দিয়েছে সন্দেহজনক পারফরম্যান্স।

কখনো বল জালে জড়ানোর সময় হাত গুটিয়ে রেখেছেন, কখনো সতীর্থের পাস দেয়ার সময় অস্বাভাবিকভাবে সরে গিয়েছেন। চট্টগ্রাম সিটি এফসির গোলরক্ষক বাপ্পির বিপক্ষে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। দলের মুখপাত্র নাজিমুদ্দিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়েছেন তিনি।

এদিকে সন্দেহজনক এমন আচরণের ব্যাপারে ম্যাচ কমিশনারের রিপোর্টও পেয়েছে বাফুফে। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বললেন, তদন্ত চলছে বন্দরনগরীর এই দলটির বিপক্ষে।

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘ম্যাচ কমিশনারের রিপোর্ট পাওয়া গেছে। আমরা দেখি কী করা যায়। পানিশমেন্ট হবে অবশ্যই। যদি প্রমাণিত হয় পানিশমেন্ট হবে।’  

লিগের ম্যাচের এমন অবস্থা দেখে রীতিমতো ক্ষুব্ধ দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। ম্যাচ ফিক্সিং নিয়ে বাফুফের আলাদা কোনো কমিটি কেন কাজ করছে না সেই প্রশ্নও তুলেছেন দেশের কিংবদন্তি এই ফুটবলার।

আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ‘দেখে মনে হচ্ছে ওরকম একটা সন্দেহজনক। বাট কথা হচ্ছে যে, এরকম যদি হতেই থাকে তাহলে ফুটবলের কী হবে? যেভাবে ডে বাই ডে, আমরা ঊপরে না নিচের দিকে যাচ্ছি। অর্থাৎ সাফ আমরা জিততে পারলাম না। নিজের হোম গ্রাউন্ড। তো তারপরেও যদি এরকম দৃশ্য দেখা যায়, তাহলে ফুটবলের অবনতি তো অবশ্যই বোঝা যাচ্ছে। একটা কমিটি থাকা উচিত, আমি জানি না আছে কিনা। অবশ্যই তারা মাঠে খেলা দেখতে হবে, গিয়ে বুঝতে হবে, বসতে হবে। তাহলেই সম্ভব এগুলো আটকানো।’

যদিও বাফুফের নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, সন্দেহভাজন এসব ম্যাচের জন্য আলাদা একটি কমিটি কাজ করছে। তবে সেই কমিটিতে কারা কারা আছেন বা কেমন কাজ চলছে তার উত্তর দিতে পারেননি তিনি।

এএম