সাদা পোশাকে বিদায়ের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানছেন মুশফিকুর রহিম। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশকে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন এই ব্যাটার। তাই তাকে নিয়ে কোন আক্ষেপ নেই সাবেক সতীর্থ জাভেদ ওমর বেলিমের। তবে মুশফিকের বিদায়ে বাংলাদেশ দলের মিডল অর্ডারে শূন্যতা তৈরি হবে বলে মনে করেন তিনি। আর মাঠ থেকে বিদায় নিতে পারায় মুশফিক অনেকটা সৌভাগ্যবান মনে করেন সাবেক ওপেনার বেলিম।
মুশফিকুর রহিম যখন জাতীয় দলে পা রাখেন, ড্রেসিংরুমে তার শুরুর সঙ্গীদের একজন ছিলেন জাবেদ ওমর বেলিম। সেই শুরু থেকে ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায়। দীর্ঘ পথচলায় বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের নিবেদন কিংবা তার সাফল্য নিয়ে কোনো আক্ষেপ নেই তার সাবেক সতীর্থ জাবেদ ওমরের।
মুশফিকের ক্যারিয়ারের অর্জন নিয়ে কোনো অতৃপ্তি না থাকলেও অভিজ্ঞ এই ব্যাটারকে হারানোয় টেস্টের মিডল অর্ডারে চ্যালেঞ্জ দেখছেন জাবেদ ওমর।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার বেলিম বলেন, ‘ও যে পারফর্ম করেছে, সে তার একদম শেষটুকু নিংড়ে দিয়েছে। আমার বিশ্বাস তারো কোনো আফসোস থাকবে না কোনো কিছু নিয়ে। আর আমি অ্যাজ অ্যা এক্স ন্যাশনাল প্লেয়ার হিসেবে বা ওর এক্স কলিগ হিসেবে আমি মনে করি সে তার সর্বোচ্চ দিয়ে ভালো নোটে শেষ করেছে। অবশ্যই মুশফিক একটা কনসিস্টেন্ট পারফর্মার ছিল। তাই দলকে অবশ্যই কিছু হলেও স্ট্রাগলিং করতে হবে।’
মিডল অর্ডারে মুশফিকের জায়গা পূরণে এখনই কাউকে চূড়ান্ত ভাবছেন না জাবেদ ওমর বেলিম। তবে লিটন দাস ও তাওহিদ হৃদয়কে নিয়ে আশাবাদী দেখা গেল সাবেক এই টাইগার ওপেনারকে।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার বেলিম বলেন, ‘এটা স্টিল আর্লি টু স্পিক। আমরা এখনো এস্টাবলিশড প্লেয়ার পাইনি মুশফিকের জায়গাটা। যারা এখন হয়তো লিটন পারফর্ম করে ওর ওপর আমরা ভরসা রাখি। হৃদয় একদমই নতুন টেস্ট ম্যাচে। যে আপনি এখনো কমেন্ট করতে পারবেন না যে হৃদয় মুশফিকের জায়গা কাভার করবে। হৃদয় যেভাবে ব্যাটিং করছে, এটা যদি মোটামুটি কন্টিনিউ করতে পারে, তাহলে অবশ্যই এটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশ দলের জন্য।’
মাঠের পারফরম্যান্স কিংবা নিবেদনে যেমন তরুণদের জন্য আদর্শ হয়ে উঠেছেন, ঠিক একইভাবে যথাসময়ে মাঠ থেকেই বিদায় বলার সিদ্ধান্তেও যেন দৃষ্টান্ত স্থাপন করলেন মুশফিকুর রহিম। যেটি দেশের বেশিরভাগ ক্রিকেটাররাই করতে ব্যর্থ হয়েছেন। এর জন্য অবশ্য বোর্ড এবং খেলোয়াড় দুই পক্ষকেই দুষলেন সাবেক এই ওপেনার।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার বেলিম বলেন, ‘যে প্লেয়ারটা এস্টাবলিশড থাকে, তখন ও খেলতে চায়। তখন ক্রিকেট বোর্ড আবার বা এটাই বলছি ক্রিকেট বোর্ডের হচ্ছে প্ল্যানিং থাকতে হবে এটা। এটা প্লেয়ারের দোষ একদমই দিব না। প্লেয়ারের দোষ থাকে থার্টি পার্সেন্ট, সেভেন্টি হলো ক্রিকেট বোর্ডের দোষ। এক্সাম্পল বলেন বা লাকি বলেন মুশফিক, যে মাঠ থেকে সুন্দর করে বিদায় নিচ্ছে, এটা আমি মনে করি একটা বড় অ্যাচিভমেন্ট বা বড় একটা এক্সাম্পল হবে। সেটা বোর্ডের জন্যও বা প্লেয়ারদের জন্যও।‘
ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে নামবেন মুশি।





