লিওনেল মেসির নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার দিবাগত রাতে ঘোষণা করা হয়েছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থে' আকাশী-নীলদের ডেরায় জায়গা পাওয়া ২৬ ফুটবলারের নাম।
২০২২ বিশ্বকাপ থেকে মাত্র ৯ পরিবর্তন নিয়ে আসন্ন বিশ্বকাপের দল সাজিয়েছেন লিওনেল স্ক্যালোনি। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে সহ মোট আট ফুটবলার। এদিকে দলে জায়গা হয়নি গার্নাচো, মাস্তানতুয়ানো, সেনেসির মত বেশ কিছু তারকার।
৩ গোলরক্ষক, ৮ ডিফেন্ডার, ৭ মিডফিল্ডার, ৪ উইঙ্গার ও ৪ ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন লিওনেল স্ক্যালোনি। যেখানে নিজের ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়া লিওনেল মেসিই থাকছেন দলের প্রানভোমরা হিসেবে। ডি মারিয়া অবসর নেয়ায় উইংয়ের দায়িত্ব নিতে হবে নিকো পাজ-সিমিওনেদের মতো তরুণ তুর্কীদের। থিয়াগো আলমাদা ও গঞ্জালেসকেও রাখতে হবে বড় ভূমিকা এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
তবে আক্রমণ ভাগে আলভারেজ-মার্টিনেজরা পরীক্ষিত তারকা। গোলবারে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে এবারও থাকছেন এমি মার্টিনেজ। তার সামনে ঢাল হয়ে দাঁড়াবেন রোমেরো-ওটেমেন্ডিরা। প্রথমবারের মতো সুযোগ পাওয়া বার্লেদি-মেদিনারাও মুখিয়ে আছেন নিজেদের সেরাটা দিতে।
সবকিছু ঠিক থাকলে জুনের ১ তারিখ থেকেই যুক্তরাষ্ট্রে ক্যাম্প শুরু করার কথা আকাশী নীলদের। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ মিশন শুরু করবে আলবিসেলেস্তারা।




