কানাডার দাবানলের ধোঁয়ায় ধূসর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সির আকাশ। বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়াম ঘিরেও দেখা গেছে ঘন ধোঁয়ার আস্তরণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, আর্জেন্টিনা-স্পেন মহারণের আগে পর্যন্ত এই পরিস্থিতি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
চিকিৎসকদের মতে, এমন পরিবেশে ফুটবল খেলোয়াড়দের শারীরিক চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। ফলে দূষিত বাতাস তাদের ফুসফুস ও হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে খেলোয়াড়দের পর্যাপ্ত পানি পান, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে ম্যাচে অতিরিক্ত বিরতির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বায়ুর মান খারাপ থাকলে ফিফাকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা।
এদিকে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে এন-৯৫ মাস্কও বিতরণ করছে কর্তৃপক্ষ।
আর এতেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে দুই মহাদেশের দুই সেরা দলের লড়াই দেখা নিয়ে উৎকন্ঠা দেখা দিয়েছে ফুটবল প্রেমিদের মনে। যদিও আবহাওয়াবিদ অ্যালেক্স দা সিলভার দাবি, শনিবারের বৃষ্টি এবং রোববারের ঠান্ডা বাতাস ধোঁয়ার বেশিরভাগই সরিয়ে দেবে। তবে ম্যাচ শুরুর আগে কিছুটা কুয়াশা বা ধোঁয়া থাকতে পারে। প্রথমার্ধের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে স্বাভাবিক পরিবেশ ফিরে আসার আশা সংশ্লিষ্ঠদের।





