নেত্রকোণায় নেচে গেয়ে হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
এখন জনপদে
শিল্পাঙ্গন
0

নানা আয়োজনে নেত্রকোণায় পালিত হচ্ছে কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ এর ৭৮তম জন্মদিনে হিমু উৎসব। আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে ১১টায় হিমু পাঠক আড্ডার আয়োজনে হিমু উৎসবের প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। সাতপাই সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে হিমু-রূপা সেজে নানা বয়সী ভক্তরা প্রধান সড়কে হেঁটে যান।

লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের সঙ্গে সঙ্গে হেঁটে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে কেক কাটেন। আর এতে অংশ নেয় লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ছেলেরা হলুদ পাঞ্জাবি পড়ে ‘হিমু’ আর মেয়েরা নীল শাড়িতে ‘রূপা’ সেজে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। লেখকের কাল্পনিক চরিত্র অবলম্বনে হিমু উৎসবে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে সাহিত্যকে তুলে ধরাই মূল লক্ষ্য হিসেবে হিমু পাঠক আড্ডা গেল এক যুগ ধরে আয়োজন করে আসছে।

হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগমের পরিচালনায় হিমু রূপাদের নিয়ে কেক কাটেন স্থানীয় সাংসদ ডা. আনোয়ারুল হকের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার লুৎফা হক।

সঙ্গে মডেল থানার ওসি আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো আতিকুর রহমান, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, সদর বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টুসহ শিক্ষক সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন:

উল্লেখ্য, হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্ম নেন। মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মন মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। এদিকে পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন। পরে মৃতদেহ দেশে আনা হলে দাফনের স্থান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সবশেষে নিজের বড় ছেলের নামে প্রতিষ্ঠিত নুহাশ পল্লীতে কবর দেয়া হয়।

আজ লেখকের প্রতিটি স্মৃতি চিহ্ন স্থানে স্মরণ করা হবে দোয়া মাহফিল ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে।

এর মাঝে দীর্ঘ প্রায় এক যুগ ধরে নেত্রকোণা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব ও মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজনের মধ্য দিয়ে লেখককে ধারণ করে আছে।

এসএস