দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। তবে লাখ লাখ যাত্রীদের দুর্ভোগ পুরোপুরি কাটতে আরও সময় লাগবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে আকাশসীমা ফের খুলে দেয় এফএএ। ডেল্টা এয়ার লাইনসসহ প্রধান এয়ারলাইনগুলো ইতোমধ্যেই নির্ধারিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
এর আগে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা গ্রাউন্ড করার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন প্রশাসন। এফএএ জানায়, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত যোগাযোগ নেটওয়ার্কের একটি সফটুওয়্যার আপডেটের কারণে এসব ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে। অস্বাভাবিক পরিস্থিতি এবং নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়।
আরও পড়ুন:
এফএএ এ ঘটনার পেছনে সাইবার হামলার আশংকা নাকচ করেছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েন মুলিন জানান, প্রাথমিক তদন্তে এটি কোনো সাইবার হামলা বা বিদ্বেষপূর্ণ আক্রমণ বলে মনে হচ্ছে না। এটি মূলত টেলিযোগাযোগ বিভ্রাট। যার পেছনে পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং ওভারলোডেড রাউটারকে দায়ী করেছেন নিরাপত্তা সচিব।
মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব মার্কওয়েন মুলিন বলেন, ‘জনসাধারণের ভয়ের কারণ নেই। আমি এ কথাটা আবারও জোর দিয়ে বলতে চাই। আপনাদের প্রিয়জনদের নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা আরেকটা ৯/১১ নয়। আমি এ কথাটা যতবার বলি, ততবারই কম হবে। মানুষ এমনটা ভাবছে, কারণ শেষবার দেশব্যাপী স্থলপথে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এটা শুধু টেলিযোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট। এটা তার থেকে সম্পূর্ণ ভিন্ন।’
এই গ্রাউন্ড স্টপ বা ফ্লাইট বাতিল দেশজুড়ে চরম যাত্রী ভোগান্তির সৃষ্টি করে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের ঐতিহাসিক ‘শাটডাউন’ ও কর্মী সংকটের কারণেও বড় আকারের ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন:
আরেকদিকে শুক্রবার সন্ধ্যায় ব্রিটেনের আরএএফ লেকেনহেথ বিমান ঘাঁটিতে একটি ‘সন্দেহজনক অননুমোদিত ড্রোন কার্যকলাপ’ শনাক্ত করা হয়েছে। এতে কোনো কর্মী, বিমান বা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি বলে মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ইরানে হামলায় ব্যবহৃত বোমারু বিমানগুলো ব্রিটেন থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি সরবরাহকারী বিমানগুলো জার্মানিতে স্থানান্তর করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের হুমকির কারণে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানগুলো সরিয়ে নেয়া হয়েছে।





