তেলসমৃদ্ধ ইরানে জ্বালানি সংকট; শুরু হচ্ছে দৈনিক দুই ঘণ্টার লোডশেডিং

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

বিশ্বের অন্যতম প্রধান তেল উত্তোলনকারী দেশ হয়েও ক্রমবর্ধমান জ্বালানি সংকটের সম্মুখীন ইরান। লাখ লাখ ইরানিকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আগামী রোববার (২৯ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমিক দু’ঘণ্টার লোডশেডিং আর সরকারি ভবনে আলোকসজ্জা কমালেও আসন্ন শীতের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন তেহরান। আর এই সংকটের মূলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ।

টেবিল ল্যাম্পের সামান্য আলোর নিচে কাগজপত্র ঘাটছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অন্ধকারাচ্ছন্ন এই ঘরটি আসলে প্রেসিডেন্টের কার্যালয়। একটি সাক্ষাৎকারের সময় এই ভিডিও ধারণ করে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি।

তেলের মজুদের হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ, প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একাংশ নিয়ন্ত্রণ করেও ভয়াবহ বিদ্যুৎ সংকটে ইরান। রোববার থেকে দেশজুড়ে পর্যায়ক্রমিকভাবে প্রায় দুই ঘণ্টার লোডশেডিং এর ঘোষণা দিয়েছে ইরান সরকার, বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ানও।

নিজেদের শর্ত পূরণের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায়ই রাজি নয় ইরান। কিন্তু ইরানের বন্দরগুলোর ওপর কয়েকমাস ধরে চলা নৌ অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর দফায় দফায় হামলার জেরে বিপর্যস্ত ইসলামি প্রজাতন্ত্রের অর্থনীতি, শীতকালে আরও তীব্র আকার ধারণ করতে পারে এই বিদ্যুতের এই সংকট।

পেজেশকিয়ান প্রশাসনের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, এই শীতে ইরানের গ্যাসের ঘাটতি দৈনিক ৪৩০ মিলিয়ন ঘনমিটারে পৌঁছাতে পারে, যা গেল বছরের তুলনায় ১৩০ মিলিয়ন বেশি। ইরানের জাতীয় গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানের আশঙ্কা, এই শীতে ৩১টি প্রদেশের মধ্যে ১১টি তীব্রভাবে বিদ্যুৎ সরবরাহ সংকটের সম্মুখীন হতে পারে।

ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন শুরুর আগে, শত শত বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে অন্তত ৯২ মিলিয়ন গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম ছিল ইরান। কিন্তু ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জেরে নিজস্ব চাহিদা পূরণের হিমসিম খেতে হচ্ছে তেহরানকে।

ইরানি বিদ্যুৎ গ্রিড নিয়ে আল জাজিরার বিশ্লেষণ, দেশটির ৮৬ শতাংশ বিদ্যুৎই উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস থেকে, শীতে গ্যাসের চাপ কমে গেলে ডিজেল-জ্বালানি তেল ব্যবহার করা হয়। তেলচালিত কেন্দ্র থেকে মোট চাহিদার মাত্র সাত শতাংশ পূরণ হয়, আর বাকি ৫ শতাংশ আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। আর সবকিছুকে ছাপিয়ে গেছে যুদ্ধকালীন পরিস্থিতি। অব্যাহত হামলার জেরে ৪ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা হারিয়ে তাই বিপাকে তেহরান।

যুক্তরাষ্ট্রের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বা বাণিজ্য নিষেধাজ্ঞার জেরে ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেনের সাহস পাচ্ছে না অনেক দেশ। নিত্যপণ্যের দাম তিন অংকের ঘরে পৌঁছানো ছাড়াও এই অক্টোবরে খাদ্য, পানীয়র দাম গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১১৩.৪ শতাংশ পর্যন্ত।

এসএস