সরকারের জবাবদিহি নিশ্চিতে যুক্তরাজ্যের অভিজ্ঞতা নিলো বাংলাদেশ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম
দেশে এখন
0

সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের কার্যক্রমের ওপর নজরদারি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং আইন প্রণয়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

যুক্তরাজ্য সফর শেষে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) ভোরে তিনি দেশে ফিরেছেন। ভোর ৪টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৭ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সফরকালে ওয়েস্টমিনস্টারে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে যুক্তরাজ্যের সংসদীয় কমিটির কাঠামো, সরকারের কার্যক্রমের ওপর সংসদীয় নজরদারি, তথ্য ও সাক্ষ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি এবং কমিটির সুপারিশ বাস্তবায়নের কার্যকারিতা মূল্যায়ন বিষয়ে বিস্তারিত অভিজ্ঞতা বিনিময় হয়। বিশেষ করে সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক পদ্ধতি এবং কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

হাউস অব কমন্সের কমিটি অন স্ট্যান্ডার্ডস-এর সদস্যদের সঙ্গে বৈঠকে সংসদীয় নৈতিকতা, বিশেষাধিকার, সংসদ সদস্যদের আচরণবিধি এবং সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সংসদ সদস্যদের আচরণ ও দায়িত্ব পালনে নৈতিক মানদণ্ড বজায় রাখা এবং সংসদীয় জবাবদিহির গুরুত্ব নিয়েও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সফরে যুক্তরাজ্য ও বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার তুলনামূলক পর্যালোচনা, দ্বিকক্ষ ও এক কক্ষ বিশিষ্ট সংসদের কাঠামো, সংসদ সদস্যদের দায়িত্ব ও ভূমিকা এবং আইন প্রণয়নের বিভিন্ন পর্যায়ে বিল যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

আরও পড়ুন:

হাউস অব কমন্সের ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে সংসদীয় অধিবেশন পরিচালনায় সভাপতির ভূমিকা, সংসদীয় শৃঙ্খলা ও অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধরনের বিতর্ক পরিচালনার পদ্ধতি নিয়ে মতবিনিময় করেন চিফ হুইপ। এ ছাড়া সংসদীয় প্রশ্ন, নোটিশ, জরুরি বক্তব্য, প্রস্তাব ও রেজল্যুশন, পয়েন্ট অব অর্ডার এবং সংসদীয় বিশেষাধিকার বিষয়ে আলোচনা হয়।

সফরকালে যুক্তরাজ্যের সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার অধিবেশন এবং হাউস অব কমন্সের একটি কমিটির শুনানি পর্যবেক্ষণ করা হয়। এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশবিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংসদ সদস্যদের জন্য গবেষণা, প্রশাসনিক ও অন্যান্য সহায়তা সেবা, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, সংসদীয় সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়।

প্রতিনিধিদল হাউস অব কমন্স লাইব্রেরি পরিদর্শন করে সংসদ সদস্য ও সংসদীয় কর্মকর্তাদের জন্য গবেষণা ও তথ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়।

এছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব ও সদর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সংসদীয় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরও শক্তিশালী করা, সরকারের কর্মকাণ্ডের ওপর কার্যকর নজরদারি প্রতিষ্ঠা এবং আইন প্রণয়নের মান উন্নয়নে সহায়ক হতে পারে। একইসঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদের মধ্যে পেশাগত সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণেও এ সফর ভূমিকা রাখবে।

এসএস