টেস্ট চ্যাম্পিয়নশিপ: ইনিংস ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলে ছয়ে টাইগাররা

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারের চড়া মাশুল দিতে হলো বাংলাদেশকে। একটা সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখা টাইগারদের যায়গা হলো না সেরা চারে। সবশেষ হালনাগাদে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে ছয়ে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

জোহানেসবার্গে প্রথম টেস্টে লড়াই করলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। প্রথম পাঁচ ম্যাচে তিন জয়ে ফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশ দুই শূন্যতে সিরিজ হেরে এবার নেমে গেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের ৬ নম্বরে।

সেঞ্চুরিয়নে নামার আগে ৪০.৭৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ছিল বাংলাদেশ। কিন্তু বড় এই পরাজয়ের পর জয়ের শতাংশ নেমে এসেছে ৩৬.৬৭ শতাংশে। ১০ টেস্ট খেলে বাংলাদেশের সংগ্রহ এখন ৪৪ পয়েন্ট।

এই সুযোগে ১৬ টেস্টে ৭৪ পয়েন্ট ও ৩৮.৫৪ শতাংশ জয়ের হার নিয়ে বাংলাদেশকে টপকে পাঁচে উঠে এসেছে ইংল্যান্ড। ১৪ টেস্টে ৪৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ, আর তালিকার নিচের দিকে অবস্থান করছে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আরও পড়ুন:

শীর্ষ চারের সমীকরণেও এসেছে নড়চড়। ভারতের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট ড্র করায় দুই থেকে তিনে নেমে গেছে নিউজিল্যান্ড। ১৩ টেস্টে ১০৮ পয়েন্ট ও ৬৯.২৩ শতাংশ জয় নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া, ৭ টেস্টে ৫৬ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে তিনে নিউজিল্যান্ড এবং ১২ টেস্টে ৭২ পয়েন্ট ও ৫০ শতাংশ জয় নিয়ে চারে আছে ভারত।

অস্ট্রেলিয়া সিরিজ জয়ের পর ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে শীর্ষস্থান আরও মজবুত করেছে দক্ষিণ আফ্রিকা। ৯ টেস্টে ৭ জয়ে ৮৪ পয়েন্ট নিয়ে তাদের জয়ের হার বেড়ে হয়েছে ৭৭.৭৮। সরাসরি প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ না থাকায় ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে প্রোটিয়ারা।

অন্যদিকে চলতি চক্রে বাংলাদেশের হাতে রয়েছে আর দুই ম্যাচের টেস্ট সিরিজ যার সূচি এখনো চূড়ান্ত হয়নি। স্বপ্নভঙ্গের হিসাব মিটিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরেকটু শক্ত করার দিকেই এখন মনোযোগ দিতে হচ্ছে শান্ত-মুমিনুলদের।

এসএস