সীমান্তে ঢুকে পড়ায় বিএসএফের ধাওয়া; স্পিডবোটের ধাক্কায় বাংলাদেশি জেলে নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ
প্রতীকী ছবি
এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে পড়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দেয়। এসময় বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন। এছাড়া বিএসএফের স্পিডবোটের ধাক্কায় পানিতে পড়ে একজন নিখোঁজ হন।

গতকাল (বুধবার, ৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহত জেলে মো. মোরশেদ মনোহরপুর গ্রামের মনিমুল ইসলামের ছেলে। নিখোঁজ জেলে হলেন একই গ্রামের চান মণ্ডলের ছেলে মো. ফকির।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, বুধবার রাতে মোরশেদ ও ফকির পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এসময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে টহলরত স্পিড বোট দিয়ে তাদের নৌকায় ধাক্কা দিলে নৌকাটি উল্টে যায়। এসময় ফকির নদীতে পড়ে নিখোঁজ হন। আর রাবার বুলেটে আহত হয় মোরশেদ।

আরও পড়ুন:

পরে স্থানীয় জেলেরা আহত মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আহত ও নিখোঁজ দুই জেলে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে চলে গিয়েছিলেন। এসময় বিএসএফের টহল দল তাদের ধাওয়া করলে স্পিডবোটের ধাক্কায় একজন আহত ও অপরজন নিখোঁজ হন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিএসএফ জানিয়েছে, তারা কাউকে আটক করেনি। ধারণা করা হচ্ছে, তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।

এসএইচ