সরকার পক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে: আন্দালিব রহমান

আন্দালিব রহমান পার্থ
এখন জনপদে
0

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে নিয়ে সরকার পক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখোমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আজ (রোববার, ১২ এপ্রিল) ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা জুলাই সনদকে মানি। আমরা জুলাইয়ের প্রত্যেকটা দফাকে সম্মান করি। জুলাই সনদের স্পিডটা আমরা সবাই ধারণ করবো। একই সঙ্গে আমরা সংবিধানকে সম্মান করবো বলে জানান।

এসময় তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রী আন্তরিক। এ জুলাই সনদ নিয়ে শুধু শুধু বিভ্রান্তি সৃষ্টি করা, কিংবা প্রতারণার অভিযোগ করা বা সরকারি দলকে ‘‘প্রতারণা’’ করার কথা বলা কঠিন শব্দ।’

এসময় তিনি বলেন, ‘ভোলা-বরিশাল সেতু অনুমতি হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই একনেকের মিটিংয়ে এটার সিদ্ধান্ত হবে। ব্রিজ হলে ভোলাতে অনেক বিনিয়োগকারী আসবে। ভোলার সম্পত্তির দাম বাড়বে। জমির দাম বাড়বে। অনেক প্রতিষ্ঠান হবে। আমি যখন সংসদে কথা বলেছি তখন কোনো রড, সিমেন্টর জন্য দাবি করিনি। এ ব্রিজ আমাদের মৌলিক অধিকার। আমরা ভৌগোলিক কারাগারে বন্দি। তাই এটা অচিরেই বাস্তবায়ন হবে।’

আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এছাড়াও ভোলা মেডিক্যাল কলেজ সরকার অনুমোদন দিয়েছে। সিটি অবশ্যই ভোলা সদরে নির্মাণ করা হবে। এমন একটি জায়গায় নির্মিত হবে যেখানে সবাই এর সুফল ভোগ করতে পারেন।’

নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্ট (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, নাজিউর রহমানের ছোট ছেলে ব্যারিস্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এএইচ