ঘরের উঠান মঞ্চে চৈত্র সংক্রান্তি উপলক্ষে এ খনার মেলার আয়োজন করে মঙ্গলঘর পরিসর।
এ বছর দ্বিতীয় বারের মতো উদযাপিত হচ্ছে খনার মেলা। আজ (সোমবার, ১৩ এপ্রিল) ভোরের হাওয়ায় খনার বচন দিয়েই উদ্বোধন করা হয় খনার মেলার। দিনভর চলে লোক গান, কবিতা, বাউল গান, কিচ্ছা পালা, গাইনের গীত, শ্লোক, খনার কৃষি সংক্রান্ত বচন, স্বাস্থ্য, পরিবেশ, জীবনসহ জ্যোতির্বিদ্যা নিয়েও হয় বিশেষ আলোচনা। এতে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী এবং কিশোরগঞ্জ ও নেত্রকোণার স্থানীয় শিল্পীরা।
তারা হলেন, দেশ বরেণ্য শিল্পী কফিল আহমেদ, সংগীত শিল্পী কৃষ্ণকলি ও তার দল, সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয়সহ অনেকে।
আরও পড়ুন:
খনার মেলার আয়োজক ও সংগঠক কফিল আহমেদ বলেন, ‘চৈতে লতা, বৈশাখে পাতা এ ধরনের বচনগুলো তুলে ধরার মাধ্যমে মহীয়সী খনাকে স্মরণ ও তার চিন্তাকে নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত করানোই এ মেলার প্রধান উদ্দেশ্য।’
এ মেলাকে মানুষের সঙ্গে মানুষের কথা বলার মেলাও বলা যেতে পারে। তিনি বলেন, ‘জীবনের সঙ্গে জীবনের দেখা হওয়ার জন্যই এ খনার মেলার আয়োজন করা হয়।’
খনার বচন, ‘জল ভালা ভাসা-মানুষ ভালা চাষা’ এ প্রতিপাদ্য নিয়ে গানের ফাঁকে ফাঁকে উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহণে চলে আলোচনা। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক লেখক-গবেষক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।





