আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাগলা কুকুরের একটি দল সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম ও আশপাশের এলাকায় ঘুরে নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের দ্রুত উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা দেয়া হবে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে। তাই কুকুর কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা নেয়া উচিত।





