রাঙামাটিতে গুলিতে ইউপিডিএফ কালেক্টর নিহত

নিহত ইউপিডিএফ কালেক্টর
অপরাধ
এখন জনপদে
0

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা (লেত্তবাপ) নামে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সশস্ত্র গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ (শনিবার, ৯ মে) ভোরের দিকে রাঙামাটির মারিশ্যা-দিঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। এসময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফের (প্রসিত) কালেক্টর হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

আরও পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদন্ত কাজ শুরু করবে বলে জানা গেছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘খবর পেয়ে সাজেক থানার আওতাধীন ১০ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে সময় লাগছে।’

এদিকে ইউপিডিএফ সদস্য হত্যার ঘটনার প্রতিবাদে আগামী ১১ মে দিঘীনালা–বাঘাইছড়ি–সাজেক সড়কে অর্ধবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাজেকের উজো বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতাকর্মীরা।

এসএস