সুনামগঞ্জে ধান লুট করে পালালো কয়েক গ্রামের মানুষ

সুনামগঞ্জ
ধান লুট করে পালালো কয়েক গ্রামের মানুষ
অপরাধ
এখন জনপদে
0

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষকদের ধান লুটের অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে উপজেলার বরাম হাওর থেকে ভাঙাডহর ও ডাইয়ারগাঁও গ্রামের কৃষকদের জমির ধান দিনে দুপুরে কেটে লুট করে নিয়ে যায় কয়েক গ্রামের মানুষ।

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাৎক্ষণিক ধান ভর্তি নৌকা নিয়ে পালিয়ে যায় লুটকারীরা।

জানা যায়, হাওরের পানি কমতে শুরু হওয়ায় ভেসে উঠছে কৃষকদের ধান। এসময় নোয়াগাঁও-সন্তোষপুর, বাউসী ও চন্দ্রপুর এলাকার কিছু লোক দেশিয় অস্ত্র নিয়ে নৌকাযোগে হাওরে প্রবেশ করে পানির নিচের পাকা ধান কেটে লুটপাট শুরু করে।

পরে সেখানে থাকা কৃষকরা দিরাই থানা পুলিশ খবর দিলে পুলিশ দেখে ইঞ্জিনচালিত ধান ভর্তি নৌকা নিয়ে পালায় লুটকারী চক্রটি।

আরও পড়ুন:

তাড়ল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল দাস বলেন, ‘বরাম হাওরের ষোল আনা ধানের মধ্যে চৌদ্দ আনা ধান ডুবে গেছে। এর মধ্যে বাউসী, নোয়াগাঁও-সন্তোষপুর ও নাচনী চন্দ্রপুর এলাকার কিছু লোক হাওরের ধান লুট করে নিয়ে যাচ্ছে।’

বরাম হাওরপাড়ের ভাঙাডহর গ্রামের কৃষক হরিবল দাস অভিযোগ করে বলেন, ‘জোরপূর্বক হাওর থেকে কয়েক গ্রামের মানুষ ধান কেটে নিয়ে যাচ্ছে। কৃষকরা কেউ ভয়ে বাধা না দিয়ে পুলিশকে খবর দিলেও পুলিশ দেখে লুটকারীরা পালিয়ে যায়।’

দিরাই থানার এসআই মাহমুদুল হক মাসুম বলেন, ‘বরাম হাওর থেকে কৃষকের ধান লুট করা হচ্ছে এমন খবর কৃষকদের কাছ থেকে পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে পুলিশের অভিযানের টের পেয়ে ধান উত্তোলনকারীরা দ্রুত নৌকা নিয়ে হাওর থেকে পালিয়ে যায়।’

এসএস