পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের নিম্নাঞ্চল, পানিবন্দি হাজারো মানুষ

ময়মনসিংহ
হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত
এখন জনপদে
0

ময়মনসিংহের হালুয়াঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বোরাঘাট নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। স্থানীয় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার তিনটি ইউনিয়নের বেঁশকয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও বসতবাড়ি। তলিয়ে গেছে বোরো ধান।

অবিরাম ভারী বৃষ্টিপাতের পর ভারতীয় নদী মেনংচরি থেকে পানি প্রবাহিত হয়ে বাংলাদেশের বোরাঘাট নদীর পানি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে নদীর বাঁধ উপচে ও বাঁধ ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে গাজীরভিটা, ভুবনকুড়া, কালিয়ানি কান্দা, বোয়ালমারা এবং পৌরশহরের নিম্নাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

বিশেষ করে গাজীরভিটা ইউনিয়নের অন্তত ছয়টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। বোরাঘাট নদীর বাঁধ ভেঙে ঢল গ্রামে প্রবেশ করায় বোরো ধানক্ষেত, বাদাম, ভুট্টা ও বিভিন্ন রবি শস্য তলিয়ে গেছে। কৃষকরা আশঙ্কা করছেন, পানি দ্রুত না নামলে তাদের চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হবে।

আরও পড়ুন:

স্থানীয় বাসিন্দারা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। পরে হঠাৎ করেই পানি লোকালয়ে ঢুকে পড়ায় অনেকে প্রয়োজনীয় মালামাল উঁচু স্থানে সরিয়ে নিতে বাধ্য হন। অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কেউ কেউ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার প্রস্তুতিও নিচ্ছেন।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানান, কালিয়ানি কান্দা ও বোয়ালমারা এলাকায় পানির চাপ সবচেয়ে বেশি। নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগও ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গবাদিপশু নিয়েও রয়েছেন বেকায়দায়।

এসএস