নারায়ণগঞ্জে ক্যান্টিনে বিস্ফোরণ: মারা গেলেন আরও এক দগ্ধ, মৃতের সংখ্যা বেড়ে ৩

নারায়ণগঞ্জ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কাউছার (৩০) নামের আরও একজন মারা গেছেন। আজ (সোমবার, ১৮ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জন।

এর আগে, গত ১৩ মে দুপুরের খাবার খাওয়ার সময় পাওয়ার প্ল্যান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। দগ্ধদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে ভর্তি করা হয় হাসপাতালে।

আরও পড়ুন:

তাদের মধ্যে শংকর, আমির ও কাউছার গত ৫ দিন মৃত্যুর সাথে লড়াই করেও হার মেনে নেন। তিনি ৬০ শতাংশ দগ্ধ হয়েছিলেন— বিষয়টি নিশ্চিত করেছেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।

ফায়ার সার্ভিস জানায়, উপজেলার মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

ঘটনার পর ফায়ার সর্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি জানিয়েছিলেন, পাওয়ার প্লান্টের ভেতরের ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে যায়। এসময় কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসএইচ