চট্টগ্রাম বন্দরের পথে কনটেইনার জাহাজে ক্রু সদস্যের মৃত্যু

চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে অপেক্ষমাণ জাহাজ
এখন জনপদে
0

চট্টগ্রাম বন্দরে আসার পথে এমভি এমএসসি কাইমিয়া টু নামের একটি কনটেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। শিপিং সূত্রে এ তথ্য জানা গেছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হানিফ হুসাইনমিয়া। তিনি জাহাজটিতে বোসান হিসেবে কর্মরত ছিলেন।

জাহাজটির স্থানীয় প্রতিনিধিদের পাঠানো এক বার্তায় বলা হয়, চট্টগ্রাম উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে ওই ক্রু সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, শনিবার সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হলে জাহাজের মাস্টার জরুরি মেডিকেল ইভাকুয়েশনের আবেদন জানান। সে সময় তিনি সচেতন অবস্থায় ছিলেন।

তবে পরে সকাল প্রায় ৯টার দিকে মাস্টার নিশ্চিত করেন যে বোসান জাহাজেই মারা গেছেন। শিপিং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকস্মিক হৃদরোগে তার মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাহাজটির প্রোটেকশন অ্যান্ড ইনডেমনিটি (পি অ্যান্ড আই) ক্লাবকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেড প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।‘

জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর মরদেহ নামানোসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি জাহাজে এক থাই ক্রু সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এএইচ