তামিম বলেন, এ উদ্যোগের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান তরুণেরা আরও সহজে ক্রিকেট প্রশিক্ষণের সুযোগ পাবে। বিদ্যমান মাঠ, ইনডোর সুবিধা ও কোচিং অবকাঠামো কাজে লাগিয়ে তারা প্রশিক্ষণ নিতে পারবে।
বিসিবি সভাপতি জানান, আগামী ২৮ নভেম্বর বোর্ডের পরবর্তী সভায় তিনি এ প্রস্তাব উত্থাপন করবেন। অনুমোদন পেলে আগামী কয়েক মাসের মধ্যেই কর্মসূচিটি শুরু হতে পারে।
আজ (রোববার, ২২ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘উদাহরণ হিসেবে সিলেটের কথা ধরুন। সেখানে মাঠ আছে, উইকেট আছে, ইনডোর সুবিধাও রয়েছে। বিসিবি এরই মধ্যে কোচদের বেতন দিচ্ছে। তাহলে একটি একাডেমি চালু করতে আর কী প্রয়োজন? শুধু বল ও পোশাক।’
তামিম জানান, প্রাথমিকভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও বরিশালের মতো শহরে এসব একাডেমি প্রতিষ্ঠা করা হতে পারে। একাডেমিগুলো আবাসিক হবে না। সংশ্লিষ্ট শহর ও আশপাশের এলাকার তরুণ ক্রিকেটাররা প্রশিক্ষণে অংশ নিয়ে পরে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে পারবে।
শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি বিবেচনায় রেখে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রশিক্ষণ আয়োজনের কথা ভাবছে বিসিবি। কতজন খেলোয়াড়কে বাছাই করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে তামিম স্পষ্ট করে জানিয়েছেন, প্রশিক্ষণ হবে সম্পূর্ণ বিনা মূল্যে।
উদ্যোগটির উদ্দেশ্য ব্যাখ্যা করে তামিম বলেন, প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়ে বিদ্যমান বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে চান তিনি।
তিনি উল্লেখ করেন, বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য বয়স যাচাইসহ অন্যান্য আনুষ্ঠানিকতা প্রায়ই টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সম্পন্ন করা হয়।
একাডেমি কর্মসূচি কয়েক মাস আগে শুরু করা গেলে বাছাই করা খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে প্রায় চার মাস কাঠামোবদ্ধ প্রশিক্ষণের সুযোগ পাবে।
তামিমের মতে, এ উদ্যোগ বেসরকারিভাবে পরিচালিত স্থানীয় ক্রিকেট একাডেমিগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না; বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করবে।
তিনি বলেন, ‘স্থানীয় একাডেমির খেলোয়াড়রা বিসিবি পরিচালিত কর্মসূচিতে সুযোগ পেলে ওই একাডেমিগুলোও উপকৃত হবে। কারণ, এমন স্বীকৃতি পেলে আরও বেশি অভিভাবক তাঁদের সন্তানদের এসব প্রতিষ্ঠানে ভর্তি করতে উৎসাহিত হবেন।’
দেশের ৬৪ জেলায়ই শেষ পর্যন্ত ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষার কথা জানান বিসিবি সভাপতি।
তিনি বলেন, উপযুক্ত মাঠ ও ইনডোর সুবিধাসহ ন্যূনতম অবকাঠামো নিশ্চিত করার ওপর এ সম্প্রসারণ নির্ভর করবে, ‘আমি দেশের ৬৪ জেলাতেই একাডেমি করতে চাই। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে হলে ন্যূনতম সুযোগ-সুবিধা থাকতে হবে।’





