‘পুশইন’ ঠেকাতে নেত্রকোণা সীমান্তে বিজিবির টহল জোরদার

নেত্রকোণা সীমান্ত এলাকা
এখন জনপদে
0

দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন চেষ্টার ঘটনায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনে সব সীমান্ত তল্লাশি চৌকিতে (বিওপি) জনবল বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী আজ (শুক্রবার, ৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সম্ভাব্য পুশইন এলাকাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় সীমান্তে বিজিবির কঠোর উপস্থিতি বিএসএফকে জানান দিতে মেগাফোন, লাইট ও বাঁশি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত সুরক্ষায় স্থানীয় গ্রামবাসীকে সম্পৃক্ত করে তথ্য সংগ্রহ ও যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন

এদিকে, গতকাল (বৃহস্পতিবার, ৪ জুন) রাতে দেশের কয়েকটি সংবাদপত্রে দুর্গাপুর সীমান্ত দিয়ে ১৩৭ জনকে পুশইন করার চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাঁধায় ব্যর্থ মর্মে প্রকাশিত সংবাদটিকে ভুল এবং অসত্য বলে নিশ্চিত করেছে বিজিবি কর্তৃপক্ষ।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, দুর্গাপুর সীমান্তে পুশইন চেষ্টার যে খবরটি প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে সেটি ছিলো নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের একটি যৌথ টহল। সীমান্তে পুশইন সংক্রান্ত এমন কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, পুশইন ঠেকাতে সোর্স এবং স্থানীয়দের মাধ্যমে সার্বক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা বা নির্ভরযোগ্য তথ্য থাকলে তা গণমাধ্যমকে দ্রুত অবহিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। সীমান্ত সুরক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং তৎপর রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

জেআর