মানিকগঞ্জে দেশি ও বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার যুবক
অপরাধ
এখন জনপদে
0

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে দেশি ও বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

আজ (শুক্রবার, ১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মানোবেন্দ্র বালো।

এর আগে, গতকাল রাত ১০টা ২০ মিনিটের দিকে সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মোহাম্মদ শাওন (২৭)। তিনি সাটুরিয়া উপজেলার ধুল্লা ইউনিয়নের কুমেরপাড়া গ্রামের নাজিমের ছেলে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তির নাম সুমন (৩৮)। তিনি চর সাটুরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

পুলিশ জানায়, ডিবি মানিকগঞ্জের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর সাটুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় শাওনকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগী সুমন দৌড়ে পালিয়ে যান।

পরে শাওনের ভাড়া করা ফ্ল্যাটের পূর্ব পাশের একটি কক্ষে তল্লাশি চালিয়ে তিন বোতল বিদেশি মদ ও সাত বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এফএস