বজ্রপাতে নিহত জেলের নাম নূর হোসেন গাজী (৪০)। অন্যদিকে আহতের নাম জহির হোসেন। নিহত নূর হোসেন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে ও আহত জহির হোসেন একই গ্রামের হাসান গাজীর ছেলে।
নিহতের ভাই আমজাদ হোসেন জানান, শনিবার সকালে তার ভাই নূর হোসেনসহ কয়েকজন জেলে তাদের বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন।
হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে নৌকার ওপর বসে থাকা অবস্থায় নূর হোসেনের ওপর বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এবং ১০০ হাত দূরে থাকা জহির হোসেন বজ্রপাতের শব্দে অজ্ঞান হয়ে যায়।
মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) জানিয়েছেন, দূরে নদীতে থাকা অন্যান্য জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডল জানিয়েছেন, এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এবং আহত জহির হোসেন সুস্থ আছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





