আজ (সোমবার, ৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুনদাই মাদ্রাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) এবং একই এলাকার পিকআপ চালক খোকন (৩৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘অনন্যা ক্লাসিক পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপ ভ্যানের প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে পিকআপের চালকের কেবিনে সামনে থাকা তিনজনই ঘটনাস্থলে প্রাণ হারান।
আরও পড়ুন:
দুর্ঘটনার সময় পিকআপের পেছনে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। এছাড়া পিকআপে পরিবহণ করা ৭টি গরু ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। আহত দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





