আদালত থেকে ফেরার পথে রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দুর্ঘটনাগ্রস্ত কাভার্ড ভ্যান ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা
এখন জনপদে
0

কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই বোন রুবিনা আক্তার ও শাহিনা আক্তারসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুর ২টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০) ও শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে কক্সবাজার আদালতে এসেছিলেন দুই বোন। আদালতের কার্যক্রম শেষে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে মুহূর্তেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবিনা আক্তার ও শাহিনা আক্তার। আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আব্দুল গফুর বলেন, ‘সন্তানদের নিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত বলেন, ‘দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

একটি মামলার শুনানি শেষে পরিবারের কাছে ফেরার কথা ছিলো দুই বোনের, কিন্তু সেই পথই হয়ে উঠলো তাদের জীবনের শেষযাত্রা। একইসঙ্গে দুই মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা।

এসএইচ