উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

জব্দকৃত পণ্য
এখন জনপদে
0

কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ (রোববার, ৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৬টার দিকে কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিকে থামার সংকেত দেয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি ফেলে পালিয়ে যায়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস এবং ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৫ হাজার টাকা। একই সঙ্গে সিগারেট পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিগারেট ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জেআর