মানিকগঞ্জে ২ হাজার ইয়াবাসহ ১ নারী আটক

প্রতীকী
এখন জনপদে
0

মানিকগঞ্জের শিবালয়ে ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের একটি খেলার মাঠসংলগ্ন এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটক জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সলেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, জাহানারা খাতুন দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। শুক্রবার সকালে ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহানারা খাতুনের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালায়। এ সময় ব্যাগ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় লোকজনের উপস্থিতিতে জাহানারা খাতুন দাবি করেন, গত প্রায় এক মাসে কয়েক দফায় তিনি ইন্না মিয়াকে ইয়াবা সরবরাহ করেছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয়। তার কাছ থেকে উদ্ধার ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলছে।’

জেআর