গতকাল (সোমবার, ২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাটুরিয়া ট্রাক টার্মিনালের পূর্ব পাশে সীমানাপ্রাচীরের বাইরের একটি ড্রেন থেকে শটগানটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন পড়ে থাকায় অস্ত্রটির ব্যারেল ও ট্রিগারে মরিচা ধরেছে। বিভিন্ন অংশে দেখা দিয়েছে ক্ষয়। শটগানটির গায়ে ‘K G4394094, BAV 2019 MTC, MADE IN BRAZIL’ লেখা রয়েছে। তবে ‘K’ ও ‘G’ অক্ষরের মাঝের একটি সংখ্যা অস্পষ্ট হওয়ায় অস্ত্রটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আনসার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিএর বুকিং কাউন্টারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলা হয়।
আরও পড়ুন:
এসময় লুৎফর রহমান ও জুয়েল শেখের নামে ইস্যু করা দু’টি শটগান হারিয়ে যায়। পরে লুৎফর রহমানের শটগানটি উদ্ধার করা সম্ভব হলেও জুয়েলের অস্ত্রটির সন্ধান মেলেনি।
নিখোঁজ অস্ত্রটির বিষয়ে শিবালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সোহেল রানা। জিডিতে অস্ত্রটির নম্বর উল্লেখ করা হয়েছিল KTG4394094। উদ্ধার হওয়া শটগানের নম্বরের সঙ্গে মাঝের একটি সংখ্যা ছাড়া বাকি অংশের মিল রয়েছে।
শিবালয় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রটি আনসার বাহিনীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নম্বরের সঙ্গে হারিয়ে যাওয়া অস্ত্রের নম্বরের মিল রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘আনসার বাহিনীর পক্ষ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটির নম্বরের সঙ্গে তাদের নিখোঁজ শটগানের নম্বরের মিল থাকার কথা জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’





