সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন

মানিকগঞ্জ
শ্রমিকবাহী বাসে আগুন
এখন জনপদে
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা বা কী উদ্দেশে বাসটিতে আগুন দিয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটির মালিক তারা মিয়া। তিনি বাসটি দিয়ে একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়া করতেন। কাজ শেষে বাসটি নিজ এলাকায় রেখে দিতেন। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। বাসের মালিক এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এসএস