আজ (সোমবার, ৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তার জামিন হয়েছিলো। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিলো তার। কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে।
নিহত রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দু’টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুন মাসে এবং অপরটি আগস্ট মাসে দায়ের করা হয়।
কারা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে করে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
স্বজনদের অভিযোগ, রনজিত ঘোষের শারীরিক অসুস্থতার বিষয়টি আগে থেকেই জানা ছিলো। শুধু পরিবারের পক্ষ থেকেই নয়, আদালতের মাধ্যমেও তার অসুস্থতার বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছিলো। এমনকি তাকে আদালতে হাজির করা নিয়েও শারীরিক অসুস্থতার কারণে আপত্তির কথা জানানো হয়।
স্বজনদের দাবি, অসুস্থতার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো। তাদের অভিযোগ, কারাগারে অবস্থানকালে তার শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন ও চিকিৎসা নিশ্চিত করা হয়নি। এ কারণে মৃত্যুর ঘটনায় তারা নিরপেক্ষ তদন্ত চান।
নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার (৮ নভেম্বর) রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিলো। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তারা পান তার মৃত্যুর খবর।
মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘গতকাল রোববার তার জামিন হয়েছে। আজকে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। আমরা সুনামগঞ্জে ছিলাম। সেখান থেকে শুনেছি, সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে মারা গেছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো ১১টার দিকে।’
তিনি আরও বলেন, ‘রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিলো না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছিলো। গতকাল বিজ্ঞ বিচারক চিঠিতে জানিয়েছিলেন, তিনি খুব অসুস্থ, তাকে আনা যাবে না। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছিলো। বিচারক তাকে জামিনও দিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি।’
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারাগারের ভেতরে থাকা কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিলো। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’
স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরিবারগুলো সাধারণত এ ধরনের অভিযোগ করে থাকে। তবে রনজিত ঘোষ শুরু থেকেই কারাগারের ভেতরের হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসায় কোনো ঘাটতি বা অবহেলা করা হয়নি। চিকিৎসায় অবহেলার অভিযোগ সত্য নয়।’





