কাপ্তাই হ্রদের পাঁচ প্রজাতির মাছে মিললো মাইক্রোপ্লাস্টিক

বিভিন্ন প্রকারের মাছ
পরিবেশ ও জলবায়ু
এখন জনপদে
0

রাঙামাটির কাপ্তাই হ্রদের কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলা মাছের মধ্যে উদ্বেগজনক মাত্রায় মাইক্রো প্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ডিসকাভার অ্যানভায়রনমেন্টে’ সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। পর্যটন এলাকা ও স্থানীয় বাজার থেকে ফেলা বর্জ্য এই বিপর্যয়ের প্রধান কারণ- বলছেন গবেষক দল। হ্রদের মাছ ও স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষায় দূষণ বন্ধে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে রয়েছে মৎস্যভাণ্ডার। ৭২৫ বর্গকিলোমিটার আয়তনের এই জলাধারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ৮৬ প্রজাতির মাছ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। অথচ সেই মাছেই মিলেছে উদ্বেগজনক মাত্রার মাইক্রো প্লাস্টিক।

ছোট মাছ কাচকি, চাপিলা, ট্যাংরা, মলা ও ঢেলার পাশাপাশি হ্রদের তলদেশের কাদা ও বালু থেকে খাবার গ্রহণ করা ট্যাংরা মাছের দেহেও সবচেয়ে বেশি ক্ষুদ্র প্লাস্টিক কণা মিলেছে। যার পরিমাণ প্রতি গ্রামে গড়ে শূন্য দশমিক ৬৩।

মাছে থাকা এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা সহজেই মানুষের দেহে প্রবেশ করছে। নিয়মিত মাইক্রোপ্লাস্টিকযুক্ত মাছ খেলে দীর্ঘ মেয়াদে মানুষের শরীরে প্রদাহ ও বিপাকজনিত সমস্যাসহ নানা জটিল রোগের ঝুঁকি রয়েছে।

হ্রদ দখল, হ্রদে ফেলা গৃহস্থালি ও স্থানীয় বাজার থেকে ফেলা বর্জ্য, পর্যটকদের ব্যবহৃত প্লাস্টিক ও মাছ ধরার পুরোনো জালের কারণেই ছড়িয়ে পড়ছে এ দূষণ। হ্রদের তীরবর্তী পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ড্রেন ও বৃষ্টির পানির সঙ্গে প্লাস্টিক বর্জ্য সরাসরি মিশছে জলাধারে। দেশিয় মাছে এমন ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজ।

আরও পড়ুন:

রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক বলেন, ‘যে সকল নৌ-যানগুলো কাপ্তাই হ্রদে চলে চলাচল করে, পর্যটকবাহী এবং সাধারণ যাত্রীবেশী নৌযান, সেখান থেকে কাপ্তাই হ্রদের পানিতে এবং মাটিতে প্লাস্টিক দূষণ হয়।’

রাঙামাটির উন্নয়ন কর্মী নুকু চাকমা বলেন, ‘পানি তো দূষিত হচ্ছেই, একই সঙ্গে যে মাছগুলো বড় হচ্ছে, তারা আমরা এই প্লাস্টিক জাতীয় বর্জ্যকে আমাদের মাঝে আসছে। এতে জনগণের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করছে।’

কাপ্তাই হ্রদের মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ রাঙামাটি নদী উপকেন্দ্রের এই কর্মকর্তার।

রাঙামাটি নদী উপকেন্দ্র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম বলেন, ‘মাছ খাওয়া যাবে না এভাবে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বরং আমাদের মাইক্রোপ্লাস্টিকের কন্টামিনেশনকে রোধ করার জন্যে আমাদের পলিথিন ব্যবহারের সচেতনতা বাড়াতে হবে। যদি আমরা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রিসাইক্লিংয়ের মাধ্যমে এটাকে আমাদের সিস্টেম থেকে এনভায়রনমেন্ট থেকে দূরে সরিয়ে আনতে পারি, তাহলে এই কন্টামিনেশনটা কমে যাবে।’

কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হ্রদের নিকটবর্তী বাজার, পর্যটনকেন্দ্র ও বসতিগুলোয় আধুনিক পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা জরুরি। একই সাথে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের দাবি নাগরিক সমাজের

এফএস