গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখের মহল্লায় বাহরাইন ও ওমান প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়।
বাড়ির মালিক সাবিন মিয়ার ছেলে বাহরাইনপ্রবাসী তুহিন মিয়া জানান, মধ্যরাতে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও খুলে ফেলে।
একপর্যায়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন:
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে।
তুহিন মিয়ার অভিযোগ, বিষয়টি বানিয়াচং থানা-পুলিশকে জানানো হলে প্রথমে পুলিশ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে সেখান থেকে আবারও থানা-পুলিশকে অবহিত করা হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ‘এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।’





