গাজীপুরে ১৩ কারখানা বন্ধ; শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলো পুলিশ

পোশাক  শ্রমিক
এখন জনপদে
0

গাজীপুরে তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকেরা। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। শ্রমিকদের অভিযোগ, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন দমাতে কারখানা বন্ধের ঘোষণা দেয়া হচ্ছে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক শিল্পাঞ্চলের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নেন। এসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। অন্যদিকে পল্লীবিদ্যুৎ এলাকায়ও শত শত শ্রমিক মহাসড়কে আসার চেষ্টা করলে পুলিশ ও বিজিবির বাধায় তারা সড়কে উঠতে পারেননি।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তারা তা পারেননি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।’

এদিকে, শনিবার রাতে গাজীপুরের অন্তত ১৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার তথ্য জানানো হয়েছে। আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।

কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কারখানাও আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। কর্তৃপক্ষের দেয়া নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানায় ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন।

নোটিশে আরও বলা হয়, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে স্পষ্টভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা-পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট ও এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেআর