সাফের শিরোপা লড়াইয়ে কাল মুখোমুখি ভারত-পাকিস্তান

ঢাকা সাফ চ্যাম্পিয়নশিপ
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। একদল অপেক্ষায় আছে নিজেদের ১০ম শিরোপার। আরেকদল দেখছে প্রথম চ্যাম্পিয়নশিপের স্বপ্ন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকেই দেয়া হয়েছে লড়াইয়ের কড়া বার্তা।

টুর্নামেন্টের শুরু হয়েছিল যাদের ম্যাচ দিয়ে, শেষটাও করছে তারাই। ঢাকার মাঠে ১৪ দিনের সাফ চ্যাম্পিয়নশিপের মহারণের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিলেন নওশাদ মুসা। তবে, ৫ নভেম্বরের সেই পাকিস্তান দল এখন আর নেই। প্রবাসী ফুটবলারদের আগমনে রীতিমতো বদলে গিয়েছে শাহীনরা। ফাইনালের আগে তাই পরিকল্পনায় বদল আসছে, সেটা নিশ্চিত করলেন ভারতের হেডকোচ।

পাকিস্তানের মতো স্কোয়াড পরিবর্তন এসেছে ভারত দলেও। টুর্নামেন্টের মাঝপথে চলে গিয়েছেন ৬ জন। তবে, এরপরেও নিজের দলের ওপর পুরো আস্থা আছে নওশাদ মুসার। এমনকি নিজ দলকে দ্বিতীয় সারির তকমা দিতেও নারাজ তিনি।

পাকিস্তান কোচ নলবার্তো সোলানোর নিজের খেলোয়াড়ি জীবন বেশ সমৃদ্ধ৷ গেল ১ বছরে বদলে দিয়েছেন পাকিস্তান ফুটবলকেও। সাফ ফাইনালের আগে তার কণ্ঠে ইতিহাস গড়ার ঘোষণা।

সেমিফাইনালে বাংলাদেশকে বিদায় করেছেন। আত্মবিশ্বাস তুঙ্গে। প্রবল চাপের ম্যাচ শেষেও খেলোয়াড়রা পুরো ফিট বলেই জানালেন সোলানো।

সাফের ফাইনালে এর আগে ৯ বার শিরোপা নিজেদের করেছে ভারত। আর পাকিস্তানের জন্য এটাই প্রথমবার আঞ্চলিক সেরা হওয়ার সুযোগ। ঢাকার মাঠে নতুন ট্রফি কার হবে সেটা জানা যাবে মঙ্গলবার রাত ৮টার ফাইনাল শেষে।

এফএস