সিংগাইরে খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় জলবায়ু-সহনশীল কৃষি উদ্যোগ

মানিকগঞ্জ
উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজন সভা
এখন জনপদে
0

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইরে ‘নিউট্রিশন স্মার্ট কমিউনিটি’ (এনএসসি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা ও সম্ভাব্য কার্যক্রম তুলে ধরেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস।

তিনি জানান, প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা উন্নয়নে কাজ করা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী, শিশু, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ওপর।

প্রকল্পটি জার্মান সরকারের অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা ওয়েলথাঙ্গারহিলফের (ডব্লিউএইচএইচ) কারিগরি সহযোগিতায় বাংলাদেশ, ভারত ও নেপালে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ওয়েভ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চার বছর মেয়াদে প্রকল্পটির কার্যক্রম চলবে।

বাংলাদেশে মানিকগঞ্জের সিংগাইর, নেত্রকোণার মোহনগঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে সিংগাইরে বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ওয়েভ ফাউন্ডেশন।

প্রকল্পের আওতায় সমন্বিত কৃষিচর্চা, পুষ্টিবাগান, জলবায়ু-সহনশীল নার্সারি, কমিউনিটি বীজব্যাংক ও কৃষক মাঠ স্কুল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিপণ্যের বাজারসংযোগ উন্নয়ন, লার্নিং অ্যান্ড নলেজ হাব প্রতিষ্ঠা, উন্নত পোলট্রি ব্যবস্থাপনা, ভার্মিকম্পোস্ট উৎপাদন এবং কৃষিসম্পদের কার্যকর পুনর্ব্যবহারে কাজ করা হবে।

নিউট্রিশন স্মার্ট কমিউনিটি প্রকল্পের সমন্বয়ক অনিরুদ্ধ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাদিয়া আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাসসহ প্রকল্পের উপকারভোগী কৃষকরা।

সভায় বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি ও খাদ্য উৎপাদন নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, উৎপাদিত খাদ্যের পুষ্টিমান, নিরাপদ প্রাপ্যতা এবং সবার কাছে তা পৌঁছে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে।’

এ জন্য কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতার আশ্বাস দেন।

এএইচ