দুই যুগ পর আজ লালমনিরহাটে যাচ্ছেন তারেক রহমান

লালমনিরহাট
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি চলছে
দেশে এখন
এখন জনপদে
0

প্রায় দুই যুগ পর আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেয়া ছাড়াও এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধন করবেন মহেন্দ্রনগর খাল খনন কার্যক্রম। প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষা করছেন জেলার উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শোনার।

উত্তরের তিস্তা বিধৌত জেলা লালমনিরহাটে সবশেষ ২০০৫ সালে রাজনৈতিক সফরে এসেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফর ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বইছে আনন্দের বাতাস।

এ সফরে তিনটি কর্মসূচীতে অংশ নেয়ার কথা রয়েছে সরকারপ্রধানের। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান শেষে মহেন্দ্রনগর খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরপর দুপুরে যোগ দেবেন কালেক্টরেট মাঠের জনসভায়।

কেবল তিস্তা মহাপরিকল্পনাই নয়, ব্রিটিশ আমলে নির্মিত দ্বিতীয় বৃহত্তম লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালু করা, দীর্ঘদিন বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর সচল ও বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন ও চার লেন মহাসড়ক নির্মাণের দাবি স্থানীয় নেতাকর্মীদের। পাশাপাশি জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও আধুনিক মেডিকেল কলেজ স্থাপনসহ কৃষিনির্ভর অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলার আশাও এখানকার মানুষের।

স্থানীয় নেতাদের মধ্যে একজন বলেন, ‘উনি কখন আসবেন, এই অপেক্ষায় আমাদের নেতাকর্মীরা অপেক্ষা করতেছে।’

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘একটি তিস্তা নদী বয়ে গেছে লালমনিরহাট জেলার বুক চিরে। এই তিস্তা যে মহাপরিকল্পনা দীর্ঘদিনের আমাদের দাবি, এই তিস্তা মহাপরিকল্পনাটা উনি বাস্তবায়নের উনি আশ্বস্ত করবেন।’

এ সফরে প্রধানমন্ত্রীর সামনে খান খননের নতুন মডেল তুলে ধরা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এছাড়াও এ সফরকে রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলছেন নেতাকর্মীরা।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘যে একসময় শুধু খাল পানি নিষ্কাশনের জন্য, পানি ধরে রাখার জন্য খনন করা হতো। আমরা সেই খালের পাড়ে এখন গাছ লাগাচ্ছি এবং এখানে মাছ চাষ হবে, হাঁস চাষ হবে। এখানে উপকারভোগীদের আমরা একটি সমবায় সমিতি গঠন করে দিয়েছি। তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি। তাদের সঙ্গে একটা চুক্তিপত্র থাকবে আমাদের। এই খাল থেকে তারা বেনিফিশিয়ারি হিসেবে থাকবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি আর অবকাঠামোগত বৈষম্য দূর করার বার্তা উঠে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা।

এসএস