নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
4

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে শাহিন ও তার স্ত্রী লিমা পারভীনের অবস্থা আশঙ্কাজনক। দু’জনকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আজ (শনিবার, ২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন— শাহিন (৩০), তার স্ত্রী লিমা পারভীন (২৬), হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক হারুন উর রশিদ বিপুল বলেন, ‘দগ্ধ চারজনের মধ্যে শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দু’জনেরই শ্বাসতন্ত্রে আঘাত (ইনহেলেশন ইনজুরি) রয়েছে। তাদের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।’

তিনি জানান, ‘হোসেনের শরীরের ১২ শতাংশ পুড়েছে। তার শ্বাসতন্ত্রে আঘাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, শাহেদের শরীরের ৩ শতাংশ পুড়েছে। তার ক্ষেত্রেও শ্বাসতন্ত্রে আঘাতের আশঙ্কা থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিলো। ভোরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর পরপরই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটের দরজা-জানালা ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলার সংযোগে লিকেজ অথবা গ্যাসের চাবি খোলা থাকার কারণে দীর্ঘ সময় ধরে ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিলো। পরে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।

দগ্ধদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রথমে আমাদের এ ঘটনার তথ্য জানানো হয়নি। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠাই।’

তিনি জানান, ৪ তলা ভবনের নিচতলায় রান্না ঘরের চুলায় গ্যাসের লাইনের সুইচ খোলা ছিলো, কিন্তু গ্যাস ছিলো না। রাতে যখন গ্যাস আসে সুইচ খোলা থাকার কারণে ফ্লাটের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। জানালা দরজা বন্ধ থাকার কারণে, ভোর রাতে যখন চুলা জ্বালাতে যায়, তখন আগুন লেগে ৪ জন দগ্ধ হয়।’

এসএইচ