এদিকে বিকেল ৩টার দিকে মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। ভেতর থেকে কোনো গাড়ি বের হতে পারছে না, বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না।
অন্যদিকে আন্দোলনের বিপরীতে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে, বিশেষ করে একাডেমিক ভবনে কোণঠাসা অবস্থায় রয়েছেন।
সোমবার সকালে আওয়ামী লীগপন্থী কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে মিছিল বের করে মূল ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনকারী বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দিলে তারা একাডেমিক ভবনের দিকে চলে যান। রাত ১১টায় এ প্রতিবেদন পাঠানোর সময়ও তারা একাডেমিক ভবনে অবস্থান করছিলেন। অপরদিকে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা চলছিল।
আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, বেতন-ভাতায় বৈষম্যের শিকার ও বর্তমান বেতন স্কেল থেকে বঞ্চিত। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ ও বিভিন্ন খাতে ব্যয় চললেও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না আসায় তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর আগে রোববারও তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি এবং চলমান অচলাবস্থা নিরসনের বিষয়ে আলোচনা করতে সোমবার রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। রাত ১১টায় প্রতিবেদন পাঠানোর সময় সভা চলছিল। সভায় কী সিদ্ধান্ত হয়েছে, তা জানা যায়নি। অপরদিকে আন্দোলনকারীরা বস্তা ও পুরনো পত্রিকা বিছিয়ে ভিসি দপ্তরের সামনে কেউ শুয়ে, কেউ বসে অবস্থান করছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। পরে তাদের পক্ষে আইনি লড়াই চলে। ২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জীবিত চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনায় চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার কথা বলা হয় এবং তাদের জ্যেষ্ঠতা ক্ষুণ্ণ না করার নির্দেশনা দেওয়া হয়। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নির্ধারণের সুযোগ দেয়া হয়।





