আয় কমেছে পায়রা বন্দরের; সংকটে বরিশাল কর অঞ্চলের রাজস্ব

পায়রা বন্দর
অর্থনীতি , আমদানি-রপ্তানি
এখন জনপদে
0

বরিশাল কর অঞ্চলে রাজস্ব আয় আগের তুলনায় কমেছে। পায়রা বন্দরের আয় কমায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে পায়রা বন্দরকেন্দ্রিক ঘাটতির পরিমাণ ২৪৪ কোটি টাকা। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কর অঞ্চল বরিশাল। এদিকে ২০২৪ সালের পরে পায়রা বন্দরে জাহাজ আসার সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব কমেছে বলে জানান পায়রা বন্দর কর্তৃপক্ষ।

বরিশাল বিভাগের ৬ জেলা নিয়ে বরিশাল কর অঞ্চল গঠিত। ২০০১-২০০২ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো মাত্র ২৩ কোটি টাকা। আর বর্তমানে ২০২৫–২৬ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৯৩০ কোটি টাকা।

২০২৩–২৪ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিলো ১ হাজার ৭১ কোটি ৩৬ লাখ টাকা। কিন্তু ২০২৪–২৫ অর্থবছরে তা কমে গিয়ে দাঁড়ায় ৮৫০ কোটি ৮০ লাখ টাকায়। এই দুই অর্থবছরেই হ্রাস পেয়েছে ২২০ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে বরিশালের লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতির পরিমাণ ৪০০ কোটি টাকা। পায়রা বন্দর থেকে আয় কমে যাওয়ায় ঘাটতির পরিমাণ বেড়েছে বলে জানান এন বি আরের এ কর্মকর্তা।

বরিশালের উপ-কর কমিশনার প্রীতিশ বিশ্বাস বলেন, ‘২০২৩–২৪ অর্থবছরে আমাদের লক্ষ্যটা যে রাজস্ব আদায় হয়েছে তা মূলত পায়রা বন্দর থেকে। আর তা বর্তমানে সেখান থেকে রাজস্ব আদায় বন্ধ।’

আরও পড়ুন

পায়রা বন্দরের নির্মাণ কাজ ২০১৩ সালের ১৯ নভেম্বর শুরু হয়ে ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিক পণ্য খালাস কার্যক্রম শুরু হয়। প্রথম অর্থবছরে ১০টি বিদেশি জাহাজ আসে পায়রা বন্দরে। ২০২৩–২৪ অর্থবছরে বিদেশি জাহাজের সংখ্যা ছিলো ১২৩টি। আর ২০২৪-২৫ অর্থবছরে আসে ৮৫টি বিদেশি জাহাজ। যার কারণে কমেছে পায়রা বন্দরের আয়।

পায়রা বন্দর ট্রাফিক উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ‘বন্দরের কার্যক্রম যখন বেশি থাকে তখন বন্দরের আয়ও বেশি থাকে, আর এন বি আরের আয়ও বেশি থাকে।’

২০২৫-২৬ এ এপ্রিল পর্যন্ত বিদেশি জাহাজ এসেছে মাত্র ২৯টি। বন্দরের আয় কমে যাওয়ায় বরিশাল কর অঞ্চলের আয়ও কমে গেছে বলে জানান পায়রা বন্দরের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।

পায়রা বন্দরের সদস্য কমডোর জামাল চৌধুরী বলেন, ‘পায়রা বন্দর তার পূর্ণ নাব্যতার মধ্যে ছিলো। তখন আমরা রাজস্বতে অনেক অবদান রাখতে পেরেছি। বর্তমানে নাব্যতা কমে যাওয়ার ফলে এখানে জাহাজ আসাও কমে গিয়েছে তাই এন বি আরের রাজস্বতেও আমাদের অংশ কমে গেলো।’

২০২৩–২৪ অর্থবছরে পায়রা বন্দর থেকে আয় হয়েছিলো ২৫৯ কোটি ৪ লাখ টাকা। আর ২০২৪-২৫ এ আয় হয় মাত্র ১৮ কোটি ৬৫ লাখ টাকা।

জেআর