মাঠ জুড়ে কোথাও ধান পেকেছে, কোথাও কাটার প্রস্তুতি। স্বপ্নের ফসল ঘরে তুলতে ব্যস্ত ফেনীর কৃষকরা। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে আমন ধানের। এরইমধ্যে মাঠের প্রায় ২০ শতাংশ ধান পেকে যাওয়ায় শুরু হয়েছে কাটামারাই। তবে ভালো ফলনের এই মৌসুমেও স্বস্তিতে নেই কৃষক।
ধান কাটার মৌসুমের শুরুতেই বেড়েছে শ্রমিকের মজুরি। শ্রমিক সংকট ও বাড়তি মজুরির কারণে উৎপাদন খরচের হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। অন্যদিকে বাজারে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। উৎপাদন খরচ বাদ দিয়ে শেষ পর্যন্ত লাভের মুখ দেখবেন কি না, সেটা নিয়েই দুশ্চিন্তা কৃষকদের।
কৃষকদের মধ্যে একজন বলেন, ‘সেই গাদে মানে যে খরচটা আসে ওই খরচে আমাদের পোষাইতেছে না ধানের রেডের জন্যে।’
অন্য একজন বলেন, ‘এই ধান দেখা গেছে কাটি বাড়িতে নিয়ে শুকায়, বাতাস দি। দিবার পরে আমরা বিক্রি করার জন্য নিলে বহুত রকমের হয়রানি হওয়া লাগে।’
এবার মৌসুমজুড়েও কম ছিল না প্রতিকূলতা। বৃষ্টির অভাবে কোথাও জমিতে দেখা দিয়েছে পানির সংকট। এর মধ্যে কিছু এলাকায় মাজরা পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান। ইঁদুরের উপদ্রবেও নষ্ট হয়েছে ফসল। ফলে বাড়তি পরিচর্যা ও কীটনাশকের খরচ বহন করতে হয়েছে কৃষকদের। কোথাও সেচের পানির অভাব, কোথাও আবার বিদ্যুৎ সংকট ও সেচ অবকাঠামোর সীমাবদ্ধতায় সংকট বেড়েছে।
আরও পড়ুন:
কৃষকদের মধ্যে একজন বলেন, ‘আনর পানিয়ে মাইর খাইছি। এহন মাজরা পোকা এবং আমাদের কিছু সিট হয়ে গেছে। আমরা সরকারের তরফ থেকে কিছু সুযোগ সুবিধা পাইয়ন।’
অন্য একজন বলেন, ‘ইঁদুরে যা ক্ষতি করতেছে, এটা বলার বাইরে। এই কেকার কাছে জিগাইলে কেনু কয় না। ওই অফিসারের জায়গায় যাইয়া জিগাইলে অফিসারে কয় এডার কেনু আমরা এ নিতাম না, পদ্ধতি নিতাম না। এডার আমরা কি পদ্ধতি নিমু?’
ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজীতে ফসলের মাঠ পরিদর্শন করে কৃষি কর্মকর্তারা বলেছেন, আবাদের মত ফলন ও লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। যেটুকু ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পারবেন কৃষকরা।
ফেনী সদর উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন বলেন, ‘আমনের প্রথম দিকে ভালো বৃষ্টি হয়েছে, ব্যাপক আকারে আবাদ হয়েছে। এজন্য দেখা যাচ্ছে এবং রোগ বালাইনাশক ব্যবহার করার কারণে আমরা আশা করতে পারি যে ইঁদুর এবং খরার জন্য যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা এই ফলনের মাধ্যমে কৃষক কাটিয়ে উঠতে পারবে।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফেনীতে প্রায় ৬৬ হাজার ৮৩৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৮৯৪ হেক্টর।





