এক সপ্তাহের দাবদাহ শেষে পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

পঞ্চগড়ে বৃষ্টি
পরিবেশ ও জলবায়ু , আবহাওয়ার খবর
এখন জনপদে
0

এক সপ্তাহের তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো পঞ্চগড়ে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আকাশে কালো মেঘ জমে ওঠার পর শুরু হয় বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে মুশলধারায় ঝরে পড়া বৃষ্টিতে জনজীবনে ফিরে আসে স্বস্তি।

গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ ছিল বেশি। প্রচণ্ড গরমে অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছিলেন না।

বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ার পর শুরু হয় দমকা হাওয়া। কিছুক্ষণ পর বজ্রধ্বনির সঙ্গে নামে ভারী বৃষ্টি। দীর্ঘদিনের গরম থেকে স্বস্তি পাওয়ায় খুশি সাধারণ মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি চলছিল।

আরও পড়ুন:

শহরের ভ্যান চালক সুকৃমার রায় বলেন, ‘কয়েকদিন ধরে অসহনীয় গরমে জীবনে হাঁসফাঁশ শুরু হয়েছিল। গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি ছিলো না। এই বৃষ্টি সবার মনে স্বস্তি এনে দিয়েছে।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রচণ্ড দাবদাহের পর আজ বৃষ্টি শুরু হয়েছে। আজ থেকে ৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।’

এসএস