নোয়াখালীতে বাবাসহ ১৮ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী
গ্রেপ্তাররকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র
এখন জনপদে
অপরাধ
0

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর থেকে দু’টি অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ মো. রমিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসময় অভিযানে রমিজের বাবা ও ছয় মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমিনুল হককেও গ্রেপ্তার করা হয়।

আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন থেকে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করে সুধারাম মডেল থানা পুলিশ ও ডিবি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা শাখা (ডিবি) ও সুধারাম থানা পুলিশ যৌথভাবে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে আবুল কাশেমের বাড়ি থেকে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ভূমি দস্যু মো. রমিজকে একটি দেশিয় ওয়ান শুটার গান, একটি দোনালা পাইপগান এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে তার বাবা মো. আমিনুল হককেও গ্রেপ্তার করে পুলিশ।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘রমিজের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৮টি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযুক্ত রামিজ ওই এলাকার একজন চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সর্দার হিসেবে পরিচিত।’

আটক হওয়া রমিজের পিতা আমিনুল হকের বিরুদ্ধেও খুন ও ডাকাতিসহ আটটি নিয়মিত মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ জানায়, আসামিরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি করে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া রমিজের বিরুদ্ধে সুধারাম থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

এফএস