মৌলভীবাজারের খাসিয়া পুঞ্জিতে পানগাছ কেটে নষ্টের অভিযোগ

মৌলভীবাজার
কেটে ফেলা পানগাছের সারি
এখন জনপদে
অপরাধ
1

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে অনন্ত নামে এক খাসিয়ার একটি পানজুমের ১ হাজার ২০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (শনিবার, ২৮ মার্চ) রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পানচাষী অনন্ত জানান, গতকাল (শনিবার, ২৮ মার্চ) দিবাগত রাতে তার প্রায় ১ হাজার ২০০ পানগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। আজ (রোববার, ২৯ মার্চ) সকালে জুমে গিয়ে তিনি দেখেন, প্রায় সব পানগাছ মাঝখান থেকে কাটা।

পান চাষই তার একমাত্র জীবিকা। কারও সঙ্গে শত্রুতা না থাকলেও কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না। এতে তার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়নের ইউপি সদস্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা সিলভেস্টার পাঠান জানান, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পানজুমের প্রায় বারোশত পানগাছ কেটে নষ্ট করে। এতে একজন পানচাষীর স্বপ্ন ভেঙে গেছে।

দীর্ঘ কয়েক বছরের চেষ্টার পর একটি পানগাছে ফলন শুরু হলেও কয়েক ঘণ্টায় সব শেষ হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হচ্ছে, তবে জড়িতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘অনন্ত নামে একজন এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এএম