ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব কর্মকর্তাকে খুঁটিতে বেঁধে মারধর, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া
আহত রাজস্ব কর্মকর্তা
এখন জনপদে
অপরাধ
2

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছুটির দিনে দোকানে গিয়ে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়ায় সহকারী রাজস্ব কর্মকর্তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় তুহিন মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১২ মে) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তুহিন বাঞ্ছারামপুর উপজেলা সদরের ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

এর আগে মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের নবীনগর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা এ. এস. এম. সাইফুল ইসলাম তাকে মারপিটের ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে যান সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম।

আরও পড়ুন:

এসময় প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা মনে করে তার পরিচয়পত্র দেখতে চান। পরবর্তীতে সাইফুল ইসলাম নিজের ভিজিটিং কার্ড দেখালেও হাবিবুর রহমান ও তার সহযোগীরা তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ ঘটনায় সাইফুল ইসলামের হাত ভেঙে যায়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন বলেন, ‘ভুক্তভোগী মামলা দায়েরের পর গতকাল রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি তুহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

এসএস