আসিয়ানের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বললো মিয়ানমার সরকার

ভিয়েতনাম-মিয়ানমার বিজনেস ফোরামে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বিদেশে এখন
0

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের একটি সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছে মিয়ানমারের সেনা-সমর্থিত সরকার। জোটের শীর্ষ সম্মেলনগুলোতে পূর্ণ প্রতিনিধিত্ব করতে না দেয়ায় আসিয়ানের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ তুলেছে তারা। শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে বলা হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান শীর্ষ সম্মেলনে নেয়া সিদ্ধান্তে মিয়ানমার সরকারের দাবি করা ইতিবাচক পদক্ষেপগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি। ওই সম্মেলনে আসিয়ান নেতারা বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী সংকট নিরসনের কাঠামো হিসেবে পরিচিত পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারলে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধাপে ধাপে ফিরিয়ে দেয়া হতে পারে।

আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারকে দূরে রাখাকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের মতামতকে প্রায়ই উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব অস্বীকার করা হয়েছে। এছাড়া মিয়ানমারে ‘কোনো রাজনৈতিক বন্দি নেই’ দাবি করে মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে ১ লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেয়া হয়েছে। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভ্যুত্থানের পর থেকে দেশটিতে হাজার হাজার রাজনৈতিক বন্দিকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার পার্লামেন্টে দেয়া বক্তব্যে মিয়ানমারের সেনা-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছিলেন, তার প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে, তবে জোটের সদস্যদেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। তার ওই বক্তব্যের পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি এল।

নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে চরম অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানের জেরে শুরু হওয়া গৃহযুদ্ধে জাতিসংঘের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১ লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এএম