যশোর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক, মদ ও মোবাইল উদ্ধার

ভারতীয় নাগরিক আটক
এখন জনপদে
অপরাধ
0

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ১৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বড়আঁচড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় ভারতীয় নাগরিক মিন্টু খানকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার শাহাপাড়া গ্রামের মুজিত খানের ছেলে।

অভিযানে তিন বোতল বিদেশি মদ, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১৪ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৫৭ হাজার ৩২৪ টাকা।

আরও পড়ুন:

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারের সঙ্গে জড়িত চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

এসএস