আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র খননযন্ত্র ব্যবহার করে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার দায়ে পারভেজ মোল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে।
এ সময় ঘটনাস্থলে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়। পাশাপাশি মাটি পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে সিংগাইর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা শুধু কৃষি উৎপাদনের জন্যই ক্ষতিকর নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি ব্যবসা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।





