আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের প্রতীকী ছবি
দেশে এখন
অপরাধ
0

রাজধানীর ধানমন্ডিতে আলোচিত শিশু রিক্তা মনি হত্যা মামলার মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। আজ (শনিবার, ২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. সবিবুর রহমান (৪৬) ও ফারাহ নুসরাত ওরফে বর্নি (৪০)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, ভিকটিম রিক্তা মনি পারিবারিক অস্বচ্ছলতার কারণে প্রায় ৩১ মাস আগে ঢাকায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হয়। বাদীর পূর্ব পরিচিত ব্যক্তি মো. গাজিবুর রহমান জনৈক আইয়ুব আলীর মাধ্যমে তাকে ধানমন্ডি এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, সেখানে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬টায় ধানমন্ডি থানাধীন ওই বাসার ১১ তলা ভবনের বারান্দা থেকে শিশু রিক্তা মনি নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং বাম হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে বাদী হয়ে শনিবার (২০ জুন) ধানমন্ডি থানায় একটি হত্যা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায়, একই দিন (২০ জুন) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মিনিটে ধানমন্ডি থানা পুলিশের একটি টিম ধানমন্ডি থানাধীন নিজ বাসা থেকে গৃহকর্তা ইঞ্জিনিয়ার সাবিবুর রহমান এবং তার স্ত্রী ফারাহ নুসরাত ওরফে বর্নিকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে প্রেরণ করা হয়।

এএইচ