র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় দুটি ভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৪৩ বোতল স্কাফ, ৭১২ বোতল উইন কোরেক্স এবং ২২৮ বোতল ফেয়ার ডিলসহ মোট ১ হাজার ৮৮৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া ১৫৪ পাতা ভারতীয় ওষুধ ও দুই বস্তা ভারতীয় বিড়িও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে মুজিব শেখ ওরফে মজিদ শেখকে আটক করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের কয়েকটি গাড়ি হরিনগর এলাকায় পৌঁছে অভিযান শুরু করে। এ সময় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল পাটোয়ারী বলেন, র্যাবের অভিযানের বিষয়টি আমরা জেনেছি। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হবে।
এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





