নারায়ণগঞ্জে কালী মন্দিরে পূজার সামগ্রী ভাঙচুর, যুবক পুলিশ হেফাজতে

নারায়ণগঞ্জ
আটক হওয়া যুবক
এখন জনপদে
অপরাধ
2

নারায়ণগঞ্জ সদর উপজেলার নয়ামাটি এলাকায় একটি কালী মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতিমূলক কাঠাম পূজার সময় ভোগ ও পূজার সামগ্রী ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইয়াসিন নাবিল (২৫) নামে এক যুবককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে নয়ামাটি এলাকার দরিদ্র ভান্ডার শ্রীশ্রী কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইয়াসিন মন্দিরে প্রবেশ করে পূজার জন্য সাজিয়ে রাখা ফল-ভোগ ও ঘটে লাথি মেরে ফেলে দেন। এসময় উপস্থিত ভক্তরা তাকে আটকে রাখেন।

খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপস্থিত লোকজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন ও উগ্র বক্তব্য দেন এবং পূজা বন্ধের দাবি জানান। একইসঙ্গে তিনি ঘটনাস্থল ত্যাগে অস্বীকৃতি জানান।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘দুর্গাপূজার অংশ হিসেবে মন্দিরে কাঠামো পূজা অনুষ্ঠিত হচ্ছিলো। পূজার লগ্ন ছিল দুপুর ১২টা ১০ মিনিটে। এসময় আনুমানিক দুপুর সাড়ে ১২টায় ইয়াসিন সেখানে এসে পূজা বন্ধ করার কথা বলে। সে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে জানায়, এখানে পূজা করা যাবে না। এরপর পূজার ফুল, ফল এবং অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর কিছু অংশ লাথি মেরে ছড়িয়ে দেয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এ ঘটনায় উপস্থিত লোকজন ওই যুবককে আটক করে এবং তাকে কিছুটা মারধর করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় আনা হয়।’

ওসি জানান, প্রথম দিকে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলতে পারেননি। পরে তার বড় ভাই থানায় এসে জানান, তাদের থানার সামনে হুঁশিয়ারির একটি দোকান রয়েছে।

তিনি জানান, তার ভাই মানসিক রোগে ভুগছেন এবং চিকিৎসাধীন আছেন। ঘটনার দিন সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান এবং এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না।

এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘ইয়াসিনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ মামলা করলে পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

এসএস